রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টো পথে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০), তিনি কদমতলীর মুরাদপুর এলাকায় থাকতেন। তার সঙ্গে থাকা আনুমানিক ৫৫ বছর বয়সী অপর এক যাত্রীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার সংলগ্ন সড়কে একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো পথে ছুটে আসছিল। কিছুদূর যাওয়ার পর ট্রাকটি সামনে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে ওপর দিয়ে উঠে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে এবং চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
আটক ট্রাক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় অন্য একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লেগেছিল। সেই ট্রাকটিকে ধাওয়া করতেই তিনি ক্ষিপ্ত হয়ে উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং অজ্ঞাতনামা যাত্রীর পরিচয় শনাক্তসহ এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।