ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক-হেলপার নিহত

নওগাঁর রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক হেলপার।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে রাণীনগর উপজেলার খানপুকুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাণীনগর উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহনী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। আহত হেলপার হলেন চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে আতিকুল (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে রাণীনগর থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ে নিহতরা আবাদপুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতালে পাঠানো হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *