ইউরোপের মাটিতে আবারও বাংলাদেশের গল্প—ভিয়েনায় ‘দেলুপি’

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি সিনেমার জয়যাত্রা থামছে না। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা-তে প্রদর্শিত হতে যাচ্ছে ‘দেলুপি’।

আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিতব্য রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬-এ জায়গা করে নিয়েছে সিনেমাটি। উৎসবের অংশ হিসেবে ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটার-এ এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছরেই নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ‘দেলুপি’। রটারড্যামের সাফল্যের পর ইউরোপে এটি সিনেমাটির দ্বিতীয় বড় উৎসব অংশগ্রহণ।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই কাজটি সমকালীন বাংলাদেশি নির্মাণশৈলীকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরছে। আয়োজকদের পক্ষ থেকে ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও চলচ্চিত্রপ্রেমীদের প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘নেদারল্যান্ডসে অসাধারণ সাড়া পাওয়ার পর অস্ট্রিয়ায় প্রদর্শিত হওয়া আমাদের জন্য আশার খবর। এটি বাংলা ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন।’

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, সম্পর্ক ও বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই গল্প। স্থানীয় মানুষ, পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতাকে ভিত্তি করে গড়ে উঠেছে সিনেমাটির পুরো নির্মাণপ্রক্রিয়া।

ফুটপ্রিন্ট প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘দেলুপি’ এখন ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে—বাংলাদেশি গল্পকে নতুন এক পরিসরে তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *