২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই মাস। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ সময়ের সার্বিক প্রস্তুতি চলছে আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক দল গুছিয়ে ফেলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিকভাবে ৫৫ সদস্যের একটি তালিকা তৈরি করেছেন স্কালোনি।
নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর এক মাস আগেই ২৬ জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে ফিফার কাছে। মার্চ উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে স্কালোনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তিনি একটি তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশকে (এএফএ) জমা দিয়েছেন। স্কালোনির এই তালিকায় সম্ভাব্য কারা জায়গা পেয়েছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, স্কালোনির জমা দেওয়া সেই তালিকার সম্ভাব্য ৫৫ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকতে পারেন, তারও একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
টিওয়াইসি’র চোখে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি ও নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকো গঞ্জালেজ, এজাকুয়েল প্যালাসিওস, নিকোলাস পাজ ও থিয়েগো আলমাদা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে ম্যানুয়েল লোপেজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্কোয়াডে জায়গা পেতে এখনো বেশ কয়েকজন ফুটবলারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তৃতীয় গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে মুসো এগিয়ে আছেন।
অন্যদিকে, ব্যাকআপ লেফটব্যাক পজিশনে মার্কোস আকুয়া ও গ্যাব্রিয়েল রোহাসের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। এছাড়া সেন্টারব্যাক হিসেবে মার্কোস সেনেসি কিংবা ফাকুন্দো মেদিনার ভাগ্যও এখনো ঝুলে আছে।
বিশ্বকাপের দল নিয়ে এবারও বেশ কঠোর অবস্থানে আছেন স্কালোনি। অভিজ্ঞ মিডফিল্ডার জিওভানি লো সেলসো দলে থাকবেন কি না, তা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। যদি তিনি পুরোপুরি ফিট না থাকেন, তবে ভ্যালেন্টিন বারকো কিংবা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোদের মতো তরুণরা সুযোগ পেয়ে যেতে পারেন।
চূড়ান্ত তালিকায় জায়গা না পেলেও স্ট্যান্ডবাই বা বিকল্প হিসেবে আরও কিছু নাম আলোচনায় আছে। তাঁদের মধ্যে রয়েছেন পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া এবং তরুণ ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রো।
চূড়ান্ত তালিকার বাইরে বিবেচনায় আছেন যারা
গোলরক্ষক : ফাকুন্দো কাম্বেসেস
ডিফেন্ডার : কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রোইলো, লাউতারো রিভেরো, টমাস প্যালাসিওস, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, আগুস্তিন গিয়াই, ফ্রান্সিসকো ওর্তেগা, কেভিন ম্যাক-অ্যালিস্টার
মিডফিল্ডার : অ্যালান ভারেলা, অ্যানিবাল মোরেনো, এজাকুয়েল ফার্নান্দেজ, এনজো বারেনেচিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া
ফরোয়ার্ড : পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোস
SN/SKS/JN