আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ও ‘উন্মুক্ত যুদ্ধ’ পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ইরান।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বার্তায় উভয় পক্ষকে ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ও পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম ও মুসলিম বিশ্বের সংহতি জোরদার করার মাস। এই বরকতময় সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের উচিত তাদের বিদ্যমান মতভেদগুলো আলোচনা ও সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে সমাধান করা।আরাঘচি আরও বলেন, তেহরান দুই দেশের মধ্যে গঠনমূলক সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে যেকোনো ধরনের সহায়তা ও মধ্যস্থতা করতে সম্পূর্ণ প্রস্তুত।
এর আগে শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বড় ধরনের বিমান হামলা (অপারেশন গজব লিল হক) করছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির দাবি অনুযায়ী, এই হামলায় ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে, তালেবানরা দাবি করেছে, তারা সীমান্তের ১৯টি পাকিস্তানি চৌকি দখল করেছে ও ৫৫ জন সেনাকে হত্যা করেছে।