বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটা ও অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে তিনটি ইটভাটা মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙালি পাড়া এলাকায় লাইসেন্স বিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে 7BM, 5BM ও SBM নামক তিনটি ইটভাটায় হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অপরাধে প্রতিটি ভাটার মালিককে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার পাশাপাশি অভিযানে কয়েকশ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজসহ পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা।
ইউএনও মো. মঈন উদ্দিন জানান, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এই জরিমানা করা হয়েছে।