আইপিএলকে ‘না’ বলে দিলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার

কাঁড়ি কাঁড়ি টাকা আর গ্ল্যামার— আধুনিক ক্রিকেটের এই যুগে আইপিএলের ডাক উপেক্ষা করা যে কারো জন্যই কঠিন। তবে এই জোয়ারের উল্টো পথে হাঁটলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার। কোটি টাকার প্রস্তাব পায়ে ঠেলে এবারের আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন তাঁরা।

ইংলিশ এই তিন ক্রিকেটারের মধ্যে একজন নিলামে দল পেয়েছিলেন। তবে খেলা শুরুর আগেই আইপিএল থেকে প্রত্যাহার করেন তিনি। আর বাকি দুজন বদলি খেলোয়াড় হিসেবে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ ও পেসার জশ টাং ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে এবারের আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে দুজনই আগামী দুই মাস নিজ দেশে কাটাতে চান জানিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

টেলিগ্রাফের প্রতিবেদনে স্মিথ ও টাংকে ঠিক কার পরিবর্তে ডাকা হয়েছিল, তা স্পষ্ট করা হয়নি। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের বেশ কয়েকজন পেসার চোটের কারণে ছিটকে গেছেন। এই দলগুলো এখন তাদের বিকল্প হিসেবে নতুন খেলোয়াড় খুঁজছে।

অন্যদিকে, এর আগেই আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান বেন ডাকেট। গত ডিসেম্বরের নিলামে তাঁকে ২ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে জাতীয় দলের জন্য প্রস্তুতি নিতে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ডাকেট দিল্লির ভক্তদের কাছে ক্ষমা চেয়ে জানান, তিনি জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখা নিয়ে চিন্তিত। নিজের ফিটনেস, মানসিক স্বাস্থ্য এবং টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চান তিনি। পাশাপাশি পরিবারকে সময় দেওয়াকেও গুরুত্ব দিচ্ছেন এই ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *