দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত রাখা এক হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় উপজেলা প্রশাসন ও র্যাব-১৩ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযুক্ত রায়হানুল ইসলাম পার্বতীপুর শহরের হুগলীপাড়া মহল্লার আনোয়ারুল হকের ছেলে। র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে পাঁচটি ড্রাম ও পাঁচটি জারকিনে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল পাওয়া যায়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, ‘একটি দোকানে অবৈধভাবে মজুত করে রাখা মোট এক হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’ইউএনও আরও জানান, জ্বালানির দাম বাড়লে বেশি মুনাফায় বিক্রির উদ্দেশ্যে এসব পেট্রোল মজুত করা হয়েছিল। বর্তমান জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।