অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান

বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হচ্ছে কবি মোহন রায়হানকে। 

আগামী ২ মার্চ (সোমবার) কবি মোহন রায়হানের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হবে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগগুলো পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬ সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতা ক্যাটাগরিতে কবি মোহন রায়হান মনোনীত হন। ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে মোহন রায়হানকে পুরস্কার দেয়নি বাংলা একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *