মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে একটি অয়েল ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। আজ শনিবার (৪ এপ্রিল) থেকে এই জাহাজ থেকে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬ হাজার টন বহির্নোঙরে লাইটারিং পদ্ধতিতে ছোট জাহাজে খালাস করতে হবে। একেকটি ছোট অয়েল ট্যাংকারে দুই ধাপে এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
বন্দর সূত্রে জানা গেছে, লাইটারিং শেষে জাহাজটি রবিবার (৫ এপ্রিল) পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে। সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে। সেটির রবিবার (৫ এপ্রিল) বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জেটি বরাদ্দ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিদ্যমান পাইপলাইনের সরবরাহ বজায় রাখার পাশাপাশি নতুন উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এসএন/পিডিকে