সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১৩ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) ও একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের হলরুমে প্রেস ব্রিফিং এ তথ্য জানান র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।
প্রেস ব্রিফিং এ র্যাব-১২ এর অধিনায়ক জানান, জাল টাকার নোট মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ মার্চ) দুপুরে জেলার সলঙ্গার হাটিকুমরুলের নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানাে হয়। এ সময় পাঁচ হাজার টাকার জালনোট, দুটি মোবাইলসহ কারবারি রবিউল ইসলাম ও আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে, সলঙ্গার ধোপাকান্দি থেকে হাকিম শেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার, ৭০০ টাকার জালনোটসহ মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছে বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।