হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যেই ভারতের কাছে আসামিদের হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজারবাগ পুলিশ লাইন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঘোষণার প্রথম ভিত্তি। ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল। এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সে সময় মেজর জিয়াউর রহমান এ গণহত্যার খবর পেয়েই চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন। ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন তিনি। পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্বের সমর্থন কামনা করেন। একেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ‘প্রকৃত ইতিহাস’ বলে অভিহিত করেন।

শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা। তিনি জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ তিনিও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজারবাগে আসেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *