হঠাৎ ঝড়ে পদ্মায় সিমেন্টবোঝাই ৩ ট্রলারডুবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। এ সময় উত্তাল ঢেউ থেকে রক্ষা পেতে চালকরা ট্রলার তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতায় একে একে তিনটি ট্রলারই ডুবে যায়।

তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সুরেশ্বর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। তবে চালক ও শ্রমিকরা নিরাপদে তীরে উঠে এসেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *