সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

সাফের ফাইনালে বাংলাদেশের সামনে ভারত

দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ ও ভারতের লড়াইটা পরিণত হয়েছে নিয়মে। বিশেষত ফাইনালে। তবে, শেষ দানে সেভাবে পেরে ওঠে না বাংলাদেশ। এবার বেশ প্রত্যয়ী দল।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মিঠু চৌধুরী জানিয়েছিলেন, যেকোনো মূল্যে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুদলের। ১-১ সমতায় শেষ হয় গ্রুপ পর্বের ম্যাচটি। সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলার যুবারা। আরেক সেমিতে ভুটানকে নিয়ে ছেলেখেলা করে ভারত, তুলে নেয় ৫-০ গোলের বড় জয়। 

বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তির জায়গা সুলিভান ব্রাদার্স। আসর জুড়েই যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভান আছেন দুর্দান্ত ছন্দে। পাকিস্তানের বিপক্ষে অভিষেকে জোড়া গোল, সেমিতে নেপালের সঙ্গে দারুণ একটি গোল অফসাইডে বাতিল হলেও আলো ছড়িয়েছেন। রোনানের ওপর বাড়তি নজর থাকবে সবার। 

সুলিভান ব্রাদার্সের আরেকজন ডেক্লান সুলিভান। নেপাল ম্যাচে মাঠে নামেন ৮৬ মিনিটে। অল্প কিছুক্ষণে নিজেকে চিনিয়েছেন। ফাইনালে তাকে শুরু থেকে দেখতে চায় ভক্তরা। 

সাফের ফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশের অতীত অবশ্য সুখকর নয়। অনূর্ধ্ব-২০ দল যেমন ২০২২ সালের ফাইনালে হেরেছে ভারতের কাছে। 

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালের শিরোপা জেতে নেপালকে হারিয়ে। আজ তা ধরে রাখার মিশন। প্রতিশোধ তো আছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *