সাঁতার জানলেও কীভাবে পানিতে ডুবে মারা গেলেন রাহুল?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। গতকাল রোববার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এই অভিনেতা। শুটিং করতে গিয়ে পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে তলিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ-ওডিশার সীমান্তবর্তী তালসারির সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তলিয়ে গিয়েছেন রাহুল। কেউ আবার বলছেন, শুটিং তখন শেষ হয়ে গিয়েছিল। ইউনিটের লোকজনের সামনেই নাকি সমুদ্রে তলিয়ে যান রাহুল। কিন্তু আসলে কী ঘটেছিল? মুখ খুললেন ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইনকে পরিচালক বলেন, ‘আমরা এখানে শনিবারও শুট করেছি। রোববারও একটা শট ছিল তালসারিতে। একটি দৃশ্যে রাহুল ও অভিনেত্রী শ্বেতা মিশ্র অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন। শুটিংয়ের সময় তারা নিজেদের মধ্যে মজার ছলে পানি ছিটাচ্ছিলেন। আমরা পিছন দিক থেকে ক্যামেরা করছিলাম। সেটা করতে করতে অভিনেতা রাহুল শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। 

পরিচালক জানান, হাঁটু সমান পানিতে পৌঁছানোর পর হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। ইউনিট থেকে বারবার সতর্ক করা হলেও মুহূর্তের মধ্যে পানি রাহুলদার গলা পর্যন্ত উঠে যায়। এরপরই তিনি হাবুডুবু খেতে শুরু করেন। সব ফেলে ইউনিটের ১০-১২ জন ওর দিকে এগিয়েও যায়। কিন্তু মুহূর্তের মধ্যে রাহুল তলিয়ে যেতে থাকে। সম্ভবত অনেকটা পানিও খেয়ে ফেলেছিল।’

পরিচালক জানিয়েছেন, আশপাশে যে নৌকাগুলো থাকে, সেখান থেকে দড়ি ফেলে, ইউনিটের সকলে তড়িঘড়ি ছুটে গিয়ে রাহুলকে তুলে আনেন। তখনও নাকি অভিনেতার জ্ঞান ছিল। এরপর অভিনেতাকে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকরা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *