শুটিং সেটে সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে চড় মারাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথৈ অভিযোগ করেছেন, সহশিল্পী তানজিন তিশা ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করেছেন। তবে তানজিন তিশা বলছেন, দৃশ্যের প্রযোজনে তিনি এমনটা করেছেন। 

মঙ্গলবার পরিচালক রাফাত মজমুদার রিংকু-র একটি নাটকের শুটিংয়ে ঘটনাটি ঘটে বলে জানান অথৈ। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে তিনি বলেন, ‘শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।’

অথৈর ভাষ্য অনুযায়ী, শুটিংয়ের প্রথম দিন তিনি তিশার জন্য একটি উপহার নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে একটি দৃশ্য ধারণের সময় তিশা তাকে এমনভাবে আঘাত করেন যে তার হাত রক্তাক্ত হয়ে যায়।

তিনি আরও দাবি করেন, অতীতে অভিনেতা মুশফিক আর ফারহান-এর সঙ্গে কাজ করার সময় তিশা তাকে ফোন করে ওই অভিনেতার সঙ্গে কাজ না করার জন্য হুমকি দিয়েছিলেন। কেয়া পায়েলসহ আরও কয়েকজনকে একইভাবে বলা হয়েছিল বলেও অভিযোগ তার। বিষয়টি এক-দুই বছর আগের বলে জানান অথৈ।

মঙ্গলবারের শেষ দৃশ্যের প্রসঙ্গে তিনি বলেন, দৃশ্য অনুযায়ী তাকে তিশাকে চড় দিতে হতো। তিনি হালকাভাবে গালে হাত ছুঁইয়ে দিলেও তিশা দৃশ্যের ভেতরেই তাকে একাধিকবার আঘাত করেন। এতে তার চোখ ফুলে গেছে এবং কথা বলতে কষ্ট হচ্ছে বলে জানান তিনি। তার দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে পরিচালক রিংকু বলেন, নাটকে তিশা এমন এক চরিত্রে অভিনয় করছেন, যিনি ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যায় ভোগেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন একজন তরুণীর চরিত্রে রয়েছেন। একটি দৃশ্যে চড় মারার অংশ ছিল। সাধারণত শুটিংয়ে নিয়ন্ত্রিতভাবে আঘাত দেখানো হয়, তবে এ ক্ষেত্রে চড় জোরে লেগেছে বলে স্বীকার করেন তিনি। দুই শিল্পীর ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কিনা, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

রিংকু বলেন, ঘটনাটির পর সেটে উপস্থিত সিনিয়র শিল্পী শহীদুজ্জামান সেলিম, মোমেনা চৌধুরী ও মনিরা আক্তার মিঠুসহ অন্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অথৈকে শান্ত হয়ে বসতে বলা হলেও তিনি সেট ছেড়ে চলে যান।

পরিচালকের ভাষ্য, ‘দুজনই আমার শিল্পী। আগে যদি ব্যক্তিগত কোনো জটিলতার কথা জানতাম, তাহলে শিল্পী নির্বাচনে সতর্ক থাকতাম।’

অভিযোগের বিষয়ে তানজিন তিশা এক অডিও বার্তায় দাবি করেছেন, গল্প ও দৃশ্যের প্রযোজনে তিনি এমনটা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *