শনিবার বোর্ড সভা ডেকেছে বিসিবি

দেশের ক্রিকেটের অবস্থা যতটা টালমাতাল, তারচেয়ে বেশি বেহাল অবস্থায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর অক্টোবরে নতুন কমিটি নির্বাচিত হয়ে এসেছে। কিন্তু, আসার পর থেকেই শান্তিতে নেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

সম্প্রতি আলোচনা-সমালোচনা চলছে ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। পাশাপাশি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে আমজাদ হোসেনকে। সেটিও নিয়েও চলছে বিশ্লেষণ। এসব বিষয়ের ওপর জোর দিয়ে আগামী শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা ডেকেছে বিসিবি।

সম্প্রতি ক্লাব ক্রিকেট প্রসঙ্গে বিসিবিকে চিঠি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেটিই সভার মূল এজেন্ডা। ঢাকা লিগের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি থাকছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। নিয়মিত অন্যান্য ইস্যুও থাকবে আলোচনার টেবিলে।

আরও একটি বিষয়ে কৌতূহল আছে। বিসিবির সবশেষ নির্বাচন ইস্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির কাজ চলমান। বিসিবির বেশ কয়েকজন পরিচালক সেই কমিটির মুখোমুখি হয়েছে। এই বিষয়ে শনিবারের সভায় কোনো আলোচনা হবে কি না, তা খোলাসা করেনি বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে শনিবার সকাল ১১টায়। মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় যারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা যোগ দেবেন ভার্চুয়ালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *