লরি-অটোরিকশা সংঘর্ষে প্রভাষকসহ নিহত ২

ময়মনসিংহে লরি-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কলেজ প্রভাষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়ার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন–ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে শিপা আক্তার (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফুলবাড়িয়া থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুহিলা বাগানবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রভাষক সারোয়ার কাইয়ুম নিহত হন।

দুর্ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *