লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৮

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করার পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এবং অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা সবাই দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার (২৩ মার্চ) থেকেই উত্তেজনা চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি রাকিব পাটোয়ারী এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন মিতুল নামের এক ব্যক্তি।

গোলাগুলির সময় আব্দুর রহিম (৫০) নামের এক পথচারী বাম পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়া মানিক নামের এক যুবককে চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুলিবিদ্ধ আব্দুর রহিম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আহত মানিক সদর উপজেলার পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ আব্দুর রহিম সুস্থ হয়ে ফিরলে এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। আপাতত জননিরাপত্তা রক্ষায় ও অপরাধীদের দমনে ৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *