রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আচমকা বজ্রসহ বৃষ্টিতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া এই ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে জনজীবন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকে সত্যি করে আকাশ চিরে বিদ্যুৎ চমকানো শুরু হয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় বড় আকারের শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এঝড়ে অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ার উপক্রম হয়।
অনাকাঙিক্ষত দুর্যোগে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন রাজধানীর ভাসমান ও খেটে খাওয়া মানুষগুলো। যারা রাস্তার ধারে বা খোলা জায়গায় রাত কাটান, তারা তড়িঘড়ি করে বিভিন্ন ভবনের নিচে বা শেডে আশ্রয় নিতে বাধ্য হন। ঝড়ের সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় হঠাৎ করেই প্রকৃতিতে শীতের আমেজ ফিরে এসেছে।