জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দেশটির ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ‘লেগাসি অব ফেইথ’ শীর্ষক করেকটি সেমিনারে অংশ নিতে অস্ট্রেলিয়া সফর করছিলেন আজহারী। ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল তার। স্থানীয় সময় সোমবার রাতে (৩০ মার্চ) ব্রিসবেনে সোমবার সেমিনারে যোগ দেন তিনি। তবে সফরের মাঝ পথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন।
আজ বুধবার (১ এপ্রিল) অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডানিয়াম সিনেটে জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আগেভাগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বিশেষ করে ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনোরিটিজ ইন বাংলাদেশ’ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজহারীর বিতর্কিত অতীত তুলে ধরে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, আজহারীর উপস্থিতি দেশটিতে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজহারী তার বক্তব্যে অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন।
এই সফরের আয়োজক ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেলের’ পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।