মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

টানটান উত্তেজনা আর গ্যালারিভর্তি দর্শকের করতালির মধ্যে লিওনেল মেসির প্রত্যাবর্তন দেখল বুয়েন্স আইরেস। বৃষ্টির কারণে মাঠ কিছুটা ভেজা থাকলেও জাদুকরী কিছু ঝলক দেখিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। অবশ্য গোলের দেখা পাননি তিনি। তবে মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।

আজ শনিবার (২৮ মার্চ) ভোরে ঘরের মাঠে প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন এনজো ফার্নান্দেস ও নিকো পাস। শেষদিকে মৌরিতানিয়ার হয়ে ব্যবধান কমান জর্ডান লেফোর্ট।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু ইরান যুদ্ধের কারণে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়। ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে যায়। তড়িঘড়ি করে স্পেনের বদলে আফ্রিকার দেশ মৌরিতানিয়াকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় আর্জেন্টিনা।

লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আলবিসেলেস্তেরা। গোল পেতেও খুব বেশি দেরি হয়নি তাদের। ১৭তম মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে বল পান এনজো ফার্নান্দেস। চেলসির এই মিডফিল্ডার নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুন করেন নিকো পাস। ম্যাচের ৩২তম মিনিটে চমৎকার এক ফ্রি-কিকে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর গ্যালারি কাঁপিয়ে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। তার সঙ্গে মাঠে নামেন রদ্রিগো দি পল ও মাস্তানতুয়োনো। ৫৪তম মিনিটে মেসির একটি বাঁকানো শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে গোলবঞ্চিত হন তিনি। পুরো দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার জাদুকরী ড্রিবলিংয়ে দর্শকদের আনন্দ দিলেও জালের দেখা পাননি এলএমটেন।

ম্যাচের শেষ দিকে মৌরিতানিয়া বেশ কিছু পাল্টা আক্রমণ চালায়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেও যোগ করা সময়ে আর শেষ রক্ষা হয়নি। জটলার ভেতর থেকে দারুণ এক শটে ব্যবধান ২-১ করেন জর্ডান লেফোর্ট। তবে এরপর আর সময় না থাকায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এস এন/এস কে এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *