মুরাদনগরে তরুণদের উদ্যোগ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ

পরিবেশ সুরক্ষা ও রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার একদল উদ্যমী তরুণ। উপজেলার বাখরাবাদ–পান্নারপুল সড়কের পায়ব এলাকায় নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে প্রায় ২০০টি চেরি ফুলের গাছ রোপণ করেছেন তারা।

গতকাল শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ‘পায়ব জাগ্রত তরুণ সমাজ’ সংগঠনের ব্যানারে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সদস্য ইমন রাজ, সজিব হোসেন, শাহীন, নয়ন ছগির ও মনির হোসেনসহ বেশ কয়েকজন তরুণ এই কার্যক্রমে সরাসরি অংশ নেন।

উদ্যোক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ রোধ এবং যাতায়াতের পথে পথচারীদের প্রশান্তি দিতেই তাদের এই বিশেষ উদ্যোগ। নার্সারি থেকে গাছ সংগ্রহ করা থেকে শুরু করে রোপণ পর্যন্ত সমস্ত ব্যয় তারা নিজেদের সঞ্চিত অর্থ থেকে নির্বাহ করেছেন।

উদ্যোগের বিষয়ে সংগঠনের সদস্য ইমন রাজ বলেন, আমরা চাই আমাদের এলাকাটি সবুজে ছেয়ে থাকুক। পথচারীরা যাতে মনোরম পরিবেশে চলাচল করতে পারেন, সেজন্য আমরা ২০০টি চেরি ফুলের গাছ লাগিয়েছি। আমাদের এই কার্যক্রম এখানেই শেষ নয়; ভবিষ্যতে পরিবেশ রক্ষায় আমরা আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছি।

আমজাদ সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বর্তমান সময়ে যখন গাছ কাটা পড়ছে বেশি, তখন এই তরুণদের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। এটি সত্যিই প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *