দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার তিনটি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা হচ্ছে।
আজ রোববার (৫ এপ্রিল) সকাল থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর, লৌহজং ও মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌরসভা এলাকায় টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জে বর্তমানে প্রায় ১০ হাজার হাম-রুবেলা টিকা মজুদ রয়েছে, যা দিয়ে প্রায় ১ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে। ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এই বয়সী সকল শিশুকে পুনরায় এই টিকা নিতে হবে। তবে যেসব শিশু টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়ার পর কমপক্ষে ২৮ দিন অতিবাহিত করেছে, তারাই কেবল এই বিশেষ ডোজটি গ্রহণ করতে পারবে।
অভিভাবকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে জানানো হয়েছে, যেসব শিশুর বর্তমানে জ্বর রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে। হাম ও রুবেলা রোগ থেকে শিশুদের স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকল শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর ও লৌহজংয়ের বিভিন্ন টিকাদান কেন্দ্রে সকাল থেকেই অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে।