মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার সেটে শাকিব খানের জন্মদিন উদযাপন

মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং সেটে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন উদযাপন করা হয়েছে। ব্যস্ত শিডিউলের মাঝেও সহশিল্পী ও কলাকুশলীদের ভালোবাসায় সিক্ত হলেন এই মেগাস্টার।

শুটিং লোকেশনেই কেক কেটে জন্মদিনের বিশেষ মুহূর্তটি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক, সহশিল্পী ও ইউনিটের অন্যান্য সদস্যরা। সবাই মিলে শাকিব খানকে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

শুটিং ইউনিটের পক্ষ থেকে বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করে রিজুতি আহমেদ শর্মা এক বার্তায় বলেন, ‘আমাদের মেগাস্টারকে তার বিশেষ দিনে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এটি শুধু একটি জন্মদিন উদযাপন নয়, বরং তাঁর প্রতিটি কাজে যে শক্তি, আবেগ ও জাদু তিনি নিয়ে আসেন, সেটিরও উদযাপন। সামনে আরও অনেক স্মরণীয় মুহূর্ত একসঙ্গে তৈরি হবে—শুভ জন্মদিন, রকস্টার!’

বিশেষ এই দিনে শাকিব খানও ছিলেন বেশ উৎফুল্ল। সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই তারকা।

‘রকস্টার’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মালয়েশিয়ার মনোরম লোকেশনে ছবিটির চিত্রায়ণ চলছে, যা ঢাকাই চলচ্চিত্রে নতুন এক ভিজ্যুয়াল মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *