মানিকগঞ্জে তরুণীকে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ জেলা শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় এক তরুণীকে নির্যাতন ও তার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ–তিনি ‘রাইসা বিউটি ঘরে’ চাকরি করতেন। চাকরির সুযোগকে কাজে লাগিয়ে পার্লারের মালিক ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অসামাজিক কাজে জড়ানোর চেষ্টা করেন। গত ১১ মার্চ ওই তরুণীর ছোট বোন (১৩) বেড়াতে এলে তাকেও একই কাজে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। তরুণীর দাবি–এতে আপত্তি জানালে গত শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাতে অভিযুক্তরা তার বাসায় গিয়ে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং লোহার রড ও শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। এ সময় মাথার চুল কেটে দেওয়া হয় এবং মুখে কালি লাগিয়ে অপমান করা হয়।

পরে বিষয়টি জানতে পেরে তার দুই বন্ধু পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় পার্লারের মালিক রত্না ইয়াছমিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য কয়েকজন অভিযুক্ত পালিয়ে যায়।

উদ্ধারের পর আহত তরুণীকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *