মাদারীপুরে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম অজয় কুমার হাওলাদার। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানি গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক অজয় কুমারকে মৃত ঘোষণা করেন। আহত হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।