মাদক ও মিথ্যা মামলা বন্ধে কড়া হুঁশিয়ারি রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক এবং মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন রুমিন ফারহানা। তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করার পাশাপাশি মামলা বাণিজ্য বন্ধে সংশ্লিষ্টদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার (২৩ মার্চ) উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে নিচ্ছে। এ কারণে আমার নিজ এলাকায় মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সারা দেশে ছড়িয়ে পড়া ‘মামলা বাণিজ্য’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি মামলায় অসংখ্য নিরীহ মানুষকে আসামি করা হচ্ছে। নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার নামে অর্থ লেনদেনের যে অনিয়ম চলছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো মামলা এলে তা অবশ্যই যাচাই-বাছাই করতে হবে, যাতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন।’ এ সময় তিনি জামিন পাওয়ার পরপরই অন্য মামলায় পুনরায় গ্রেপ্তারের ঘটনাকে ন্যায়বিচারের পরিপন্থী বলে উল্লেখ করেন এবং প্রতিশোধমূলক রাজনীতি পরিহার করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

‘তোমাদের অর্জনে আমরা গর্বিত’ স্লোগানকে সামনে রেখে ইসলামপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা এই সংবর্ধনার আয়োজন করেন। সাবেক সচিব মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় সভাপতি ড. এমরান জাহান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *