বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মণিপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, ফজরের নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারে নেমেছেন জামায়াত আমির। এ সময় তিনি ঝাড়ু দিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিনে ওসব আবর্জনা তুলে নেন। এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন তিনি।
ভিডিওতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন-কেও ঝাড়ু হাতে অংশ নিতে দেখা যায়।
কর্মসূচি শেষে সাংবাদিকদের শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। আমাদের ছোট একটা দেশ। আমরা সবাই যদি আন্তরিক হই, তাহলে নিজ নিজ আঙিনা পরিষ্কার করলেই দেশ পরিষ্কার হয়ে যাবে।
জামায়াত আমির আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান। এজন্য জুলাইকে আমাদের স্বীকৃত দিতে হবে এবং সম্মান করতে হবে। তাই আমাদের সবার উচিত জুলাই আকাঙ্খার ভিত্তিতে সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে একই দিন দুপুরে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে এনসিপির সংসদ সদস্যরাও শপথগ্রহণ করেন। পাশাপাশি ১১-দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।