ভারতের ভিসা নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “ভারত সরকার বলেছে ভিসা স্বাভাবিক করা হবে।” মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারাই (ভারত) বলেছে, নতুন করে বাংলাদেশের সরকারের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায়। ভারত সরকার বলেছে ভিসা স্বাভাবিক করবে। দুদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, এমনকি মেডিক্যাল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসানীতি আগের জায়গায় ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের বলেছেও।”

লিবিয়ায় মানবপাচার বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “সব দেশেই আমাদের লোক লিগ্যালভাবে যাবে, এটাই আমরা চাই। তবে সমস্যা হচ্ছে, মানবপাচারের সঙ্গে যারা জড়িত, তাদের আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা এই সুযোগ নেয়।”

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দেশটির কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যেহেতু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি আসে। এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ হচ্ছে, রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় কোনও সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা করবে।”

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এই মজুত আরও বাড়ানোর চেষ্টা চলছে। যুদ্ধের কারণে কিছু উৎস থেকে তেল আমদানিতে বাধা আসায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে। এ ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী মাসে ভারত ও সৌদি আরব থেকে তেল আসবে জানিয়ে তিনি বলেন, “এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে। এ নিয়ে প্রতিনিয়ত জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যেখান থেকেই সুযোগ পাওয়া যাবে, সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *