ব্র্যাক ব্যাংক কর্পোরেট ডিজিটাল সল্যুশন কর্পনেটে ২২৭৩২১ কোটি টাকার লেনদেন

কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম কর্পনেটে ২০২৫ সালে দুই লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার ডিজিটাল লেনদেন সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। প্রায় ৮০ লাখ ট্রানজ্যাকশনের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে লেনদেনের মোট পরিমাণে বছরে ৪৩ শতাংশ ও লেনদেনের সংখ্যায় ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে কর্পনেটে প্রায় দুই হাজার ৫০০ প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই নতুন করে ৯০০টির বেশি কর্পোরেট ক্লায়েন্ট প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছে। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযোগী করে তৈরি কর্পনেটে পেমেন্ট, কালেকশন, রিপোর্টিং ও সার্ভিস রিকোয়েস্টসহ বিভিন্ন ব্যাংকিং সেবা অনলাইনে সম্পন্ন করা যায়। ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে অনুমোদন ও প্রসেসিং সুবিধা থাকায় এটি কর্পোরেট কার্যক্রমে গতি এনেছে। হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটি ও এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ইআরপি সিস্টেমের সঙ্গে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় মাল্টি-লেভেল সিগনেটরি, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ও তাৎক্ষণিক ট্রানজ্যাকশন অ্যালার্ট অন্তর্ভুক্ত রয়েছে। অটোমেটেড পেরোল, বাল্ক পেমেন্ট, সরকারি বিল পরিশোধ ও ডিজিটাল পেমেন্ট ইন্সট্রুমেন্টসহ বিভিন্ন সুবিধা প্ল্যাটফর্মটিকে পূর্ণাঙ্গ ট্রেজারি সল্যুশনে রূপ দিয়েছে।

২০২৫ সালে মোট লেনদেনের প্রতি ১০০টির মধ্যে ৮৫টিই ডিজিটালি সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, কর্পনেট ম্যানুয়াল কাজ ও কাগজের ব্যবহার কমিয়ে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়িয়েছে, ফলে গ্রাহকের সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *