বিশ্বকাপের বাকি আর দুই মাস। ৪২টি দল নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আজ বুধবারের (১ এপ্রিল) পর বাকি ৬ দলও প্রস্তুতি শুরু করবে। আন্তঃমহাদেশীয় প্লে-অফ শেষে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের বাকি ৬ দল। ঘটেছে ট্র্যাজেডি, কেউ আবার ফিরেছে লম্বা সময় পর। রেফারির শেষ বাঁশিতে কেউ আনন্দে আত্মহারা, মুদ্রার উল্টো পিঠে কেউ কেউ তখন বিষাদের অতলে ডুব দিয়েছে।
ইতালিকে টাইব্রেকারে ৪-১ গোলে (নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতা) হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। এতে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অন্যদিকে, বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ফিরেছে ইরাক। ১৯৮৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপে সুযোগ পেল ইরাক।
ডেনমার্ক-চেক প্রজাতন্ত্র ম্যাচে দুর্দান্ত লড়াই দেখেছে দর্শক। প্লে–অফ ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে স্বাগতিক চেক প্রজাতন্ত্র। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুদলই গোল পায়। অতিরিক্ত সময় শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে উল্লাসে মাতে চেক প্রজাতন্ত্র। ২০ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চেক প্রজাতন্ত্র। ২০ বছর পর ফিরেছে বিশ্বমঞ্চে। সর্বশেষ ২০০৬ সালের পর আবারও বিশ্বকাপে খেলবে দলটি।
প্লে-অফের আরেক ফাইনালে স্বপ্ন ভেঙেছে রবার্ট লেভানদফস্কির পোল্যান্ডের। প্লে–অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সুইডেন। আরেক ফাইনালে কসোভাকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলা তুরস্ক এই মঞ্চে ফিরেছে ২৪ বছর পর।
আন্তমহাদেশীয় প্লে-অফের ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে কঙ্গো। রেফারির শেষ বাঁশি বাজার পর উল্লাসে ফেটে পড়ে গোটা কঙ্গো। বিশ্বকাপে ফেরার দীর্ঘ অপেক্ষা যে ফুরোলো। ৫২ বছর পর বিশ্বমঞ্চে দলটি। ১৯৭৪ সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল আফ্রিকার দেশটি।
