বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

পরপর দুটি ম্যাচ বাতিল হয়েছে আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ার পর গুয়াতেমালার সঙ্গে সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেটিও বাতিল হয়। এবার নতুন সূচি ঘোষণা করেছে এএফএ।

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ ঘরের মাঠ লা বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর চার দিন পর ৩১ মার্চ একই ভেন্যুতে জাম্বিয়াকে আতিথ্য দেবে লিওনেল মেসির দল।

ম্যাচ দুটিকে সামনে রেখে দলে ভেড়ানো হয়েছে রিয়াল মাদ্রিদ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনোকে। গুয়াতেমালা ম্যাচের জন্য ২৮ সদস্যের যে দল ঘোষণা করেছিল এএফএ, তাদের সঙ্গেই নেওয়া হয়েছে ১৮ বছর বয়সী মাস্তানতুনোকে। এছাড়া, লিওনেল স্কালোনি দলে নিয়েছেন স্ট্রাসবার্গের ফরোয়ার্ড হোয়াকিন পানিচেলিকে।  দুটোই ভক্তদের কাছে চমক হিসেবে ধরা দিয়েছে।

২৭ মার্চ কাতারে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সেটি সরিয়ে স্পেনে আনা হয়। তবে, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা। পরে তা একেবারে বাতিল করে দেওয়া হয়।

ফিফার নিয়ম অনুযায়ী, এক আন্তর্জাতিক বিরতিতে একটি দল দুটি ভিন্ন মহাদেশে ম্যাচ খেলতে পারে না। ভ্রমণ বিধিনিষেধের ফলেই গুয়াতেমালা ম্যাচটি বাতিল করে আফ্রিকার দুই দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়াকে বেছে নেয় এএফএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *