বাব আল-মান্দেব প্রণালি নিয়েও ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকার প্রেক্ষাপটে এবার আরেকটি শিপিং চোকপয়েন্ট বাব আল-মান্দেব প্রণালি নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বৈশ্বিক তেল, এলএনজি, গম, চাল ও সার পরিবহনের কত অংশ চলাচল করে? পাশাপাশি তিনি জানতে চান, কোন দেশ ও কোম্পানিগুলো এই রুটে সবচেয়ে বেশি পণ্য পরিবহন করে। খবর আল জাজিরার। 

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এক ধরনের পরোক্ষ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

হরমুজ প্রণালির মতো এতটা গুরুত্বপূর্ণ না হলেও বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। ইয়েমেনের সীমানা ঘেঁষা এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ১৪ শতাংশ বাণিজ্যিক পণ্য পরিবহন হয়, যার মধ্যে প্রায় ৫ শতাংশ বৈশ্বিক তেল সরবরাহ অন্তর্ভুক্ত।

বিশেষজ্ঞদের মতে, ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুথি গোষ্ঠী ইরানের পক্ষে যুদ্ধে জড়িত হওয়ার পর থেকেই এই প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ইরানি নেতৃত্বের সাম্প্রতিক মন্তব্য সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে।

পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *