কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বড় বড় ঋণ বাণিজ্যিক ব্যাংক অনুমোদনের আগে বাংলাদেশ ব্যাংক যাচাই করবে বলে জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি জানান, বিষয়টি এখনও চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই এর প্রক্রিয়া চূড়ান্ত হবে।
আজ বুধবার (১ এপ্রিল) বেসরকারি টেলিভিশনের বাণিজ্য বিষয়ক সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় গভর্নর এ কথা জানান। ব্যাংকটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন।
গত রোববার পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালসহ সংবাদমাধ্যমের বাণিজ্যবিষয়ক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
আরিফ হোসেন খান আজ সাংবাদিকদের বলেন, বড় বড় কর্পোরেট ঋণ দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংক। গভর্নর বলেছেন, ঋণ দেওয়ার আগেই বাংলাদেশ ব্যাংক যাচাই করবে। বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে, তবে কীভাবে হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে শিগগিরই এ ব্যবস্থা চালু হবে।
এদিকে, ইরান যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি সংকটে অনেক দেশেই দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের এ সমস্যার প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জ্বালানি সংকট শুরু হয়েছে। তেলের পাম্পগুলোতে দেখা দিয়েছে লম্বা লাইন। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যর সংকটে সৃষ্ট সমস্যার মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে বিভিন্ন মহলের পরামর্শ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।