বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, গাইবান্ধায় ডিলারকে জরিমানা

নির্ধারিত দরের চেয়ে অতিরিক্ত দরে এলপিজি সিলিন্ডার বিক্রি করার অভিযোগে গাইবান্ধায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা শহরে ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে।


রোববার (৫ এপ্রিল) বিকেলে শুনানি শেষে এ জরিমানা করেন গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।


অভিযোগসূত্রে জানা যায়, গত ১ এপ্রিল শহরের স্টেডিয়াম সংলগ্ন ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কেনেন রওশন হাবিব নামের একজন ভোক্তা। পরে ওইদিনই এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (৫ এপ্রিল) বিকেলে দুপক্ষ ছাড়াও জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযোগের সত্যতা পেয়ে মেসার্স রুহুল ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ‘মেসার্স রুহুল ট্রেডার্স’র স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না- যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *