ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ও আহতদের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন ঢাকার নিউ ইস্কাটন রোডের মোক্তাদুর রহমানের ছেলে মো. মোর্শেদ (৪০), ফরিদপুরের বটতলা জাজিরা এলাকার মজিবুর মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২৬) ও দোয়েল পরিবহণের সুপারভাইজার মো. কাউছার (৩৫)।
এ ঘটনায় মো. রানা (৪০), মো. সোহেলসহ (৩০) পাঁচজন আহত হয়েছেন। তারা ঢাকার নিউমার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী।
নিহতদের স্বজনরা জানায়, রোববার (২২ মার্চ) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ব্রিজের মেরামত কাজ চলছিল। ব্রিজের আগে গতিরোধকে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহণের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাস ও অ্যাম্বুলেন্সের যাত্রী-চালকরা গাড়ি থেকে নেমে কথা কাটাকাটি করলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু গাড়ির জট লেগে যায়। তার কিছুক্ষণ পর একই পথে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহণের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দোয়েল পরিবহণের সুপারভাইজার ও দুই বাসের দুজন যাত্রী নিহত হন।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে যদি সহায়তা চাওয়া হয় সেক্ষেত্রে নিয়মানুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাশে থাকব। এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।