ফুলপুরে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ

ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামে একটি মিনি পেট্রল পাম্পে অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই ঝটিকা অভিযানে পাম্পটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল এবং চার হাজার ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়। তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে পাম্প মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দ করা তেল সংশ্লিষ্ট পাম্পের মাধ্যমেই সাধারণ জনগণের কাছে নির্ধারিত মূল্যে বিক্রির তাৎক্ষণিক ব্যবস্থা করে দেয় উপজেলা প্রশাসন।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, জনস্বার্থে এবং জ্বালানি সংকট নিরসনে এ ধরনের তদারকি নিয়মিত চলবে। কোনোভাবেই তেলের বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবে না।

এর আগে গত শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটেও একই ধরনের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে। পুরো জেলাজুড়ে তেল চুরির সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *