প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন শাকিরুল ইসলাম ও সাইয়েদ বিন আব্দুল্লাহ

সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। অপরদিকে গ্রেড-২ পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে—ড. মো. শাকিরুল ইসলাম খান অন্যান্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব নেবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।

ড. শাকিরুল ইসলাম খান একজন বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি, এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক মানের পিআর রিভিউ জার্নালে মো. শাকিরুল ইসলাম খানের ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে শাকিরুল ইসলামের দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং পলিসি সম্পর্কিত কাজ। এছাড়া, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির তদারকিও করবেন।  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শাকিরুল ইসলাম কর্মজীবন শুরু করেন। তিনি তার দীর্ঘ ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতায় বিভিন্ন দেশে কাজ করেছেন। তিনি বিশেষ করে উন্নয়নশীল দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি উদীয়মান সংক্রামক ব্যাধি যেমন ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, জলাতঙ্ক এবং নিপাহ ভাইরাসের চিকিৎসার উন্নয়নে গবেষণা করেছেন। বিশেষ করে ডেঙ্গু নিয়ে তার গবেষণা অব্যাহত রয়েছে। এছাড়াও তিনি গুণমানসম্পন্ন পোলট্রি ও গবাদি পশু উৎপাদন এবং সংরক্ষণের ওপর জোর দিয়েছেন। জাপানে থাকলেও তার গবেষণার মূল ফোকাস ছিল বাংলাদেশ।

অপরদিকে আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *