পরকীয়ার জেরে প্রেমিকার ছেলের হাতে প্রেমিক খুন

নীলফামারী সদর উপজেলায় পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মতিউল ইসলামের সঙ্গে একই এলাকার একরামুল হকের স্ত্রী বানু বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। এই বিষয়টি নিয়ে এলাকায় বেশ উত্তেজনা ছিল। এমনকি কিছুদিন আগে মতিউল ও বানু বেগম এলাকা ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে এনে মীমাংসা করা হয় এবং বানু বেগমকে তার স্বামী একরামুল হকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনার দিন রাতে বানু বেগমের ছেলে আলামিনের সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নিলে সংঘর্ষ বাঁধে। অভিযোগ রয়েছে, আলামিন ধারালো অস্ত্র দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে আলামিনের বাবা একরামুল হক, মা বানু বেগম এবং ছোট ভাই আপন ইসলামকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে পরকীয়া সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। মূল অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *