নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার টাইগার উডস

গলফ দুনিয়ার জীবন্ত কিংবদন্তি টাইগার উডসের বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক বিতর্কিত অধ্যায়। নেশাগ্রস্ত অবস্থায় (ডিইউআই) বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ফ্লোরিডায় গ্রেপ্তার হয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা।

শুক্রবার (২৭ মার্চ) নিজের বাড়ির কাছে এক সড়ক দুর্ঘটনার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। যদিও দুর্ঘটনায় তিনি অক্ষত আছেন, তবে তার বিরুদ্ধে আইন অমান্য ও পরীক্ষার নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।

ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডের আবাসিক এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান উডস। প্রত্যক্ষদর্শীদের মতে, তার গাড়ির গতি ছিল অনেক বেশি। ট্রাকটি মোড় নেওয়ার সময় উডস সেটিকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তার গাড়িটি উল্টে যায়। পুলিশ জানিয়েছে, উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে এই দুর্ঘটনা প্রাণঘাতী হতে পারত।

মার্টিন কাউন্টি শেরিফ জন বুডেনসিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উডসের আচরণ ছিল অস্বাভাবিক। নিশ্বাসের পরীক্ষায় (ব্রেথলাইজার টেস্ট) তিনি পাস করলেও পরবর্তী ধাপের পরীক্ষা তথা মূত্র (ইউরিন) টেস্ট দিতে সরাসরি অস্বীকৃতি জানান। এই অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির ক্ষতি করা এবং আইনসম্মত পরীক্ষায় বাধা দেওয়ার মামলা করা হয়েছে।

শেরিফের মতে, উডসকে অত্যন্ত বিমর্ষ ও তন্দ্রাচ্ছন্ন দেখাচ্ছিল। ধারণা করা হচ্ছে, তিনি কোনো শক্তিশালী ওষুধ বা মাদকের প্রভাবে ছিলেন, যদিও গাড়ির ভেতরে কোনো নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়নি।

ফ্লোরিডার আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে অন্তত আট ঘণ্টা কাউন্টি জেলে রাখা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্যমতে, কয়েক ঘণ্টা হাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন উডস। গভীর রাতে একটি গাড়িতে চড়ে তাকে জেলখানা ত্যাগ করতে দেখা যায়।

উডসের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মায়ামিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘টাইগার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে একজন অসাধারণ মানুষ, কিন্তু বর্তমানে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সে।’

টাইগার উডসের ক্যারিয়ার দীর্ঘকাল ধরেই ইনজুরি ও বিতর্কের সঙ্গে লড়াই করছেন। ২০০৯ সালের ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি এবং ২০১৭ সালেও একবার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ২০২১ সালের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যার ধকল তিনি আজও কাটিয়ে উঠতে পারেননি। পিজিএ ট্যুরে সর্বোচ্চ ৮২টি শিরোপা জয়ী এই তারকা আগামী মাসের ‘মাস্টার্সে’ খেলার প্রস্তুতি নিচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *