ধলেশ্বরীতে নিখোঁজ কিশোরের মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মো. রাকিবের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিব মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী মো. শাহাদত মাতব্বরের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে রাকিব তার দুই বন্ধুর সঙ্গে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিন বন্ধুই নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। তাদের মধ্যে দুজন কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে বুধবার ভোরে পুনরায় অভিযান শুরু করলে সকাল ৯টার দিকে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি শোকসন্তপ্ত স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *