ধর্ষণের অভিযোগে বিচারের মুখে পিএসজি তারকা

তিন বছর আগে ওঠা ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পেলেন না আশরাফ হাকিমি। অবশেষে এই মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে পিএসজির মরক্কান এই ফুটবল তারকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) হাকিমি নিজেই এই বিচারের কথা নিশ্চিত করেছেন।২০২৩ সালের শুরুর দিকে ২৪ বছর বয়সী এক তরুণী অভিযোগ করেন যে, প্যারিসে তাঁর নিজের বাড়িতে হাকিমি তাঁকে ধর্ষণ করেছেন। তবে শুরু থেকেই এই মরক্কান ডিফেন্ডার নিজেকে নির্দোষ  দাবি করে আসছেন।

মামলাটি বিচারে গড়ানোর খবরে নিজের হতাশা প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী হাকিমি। বর্তমান আইন নিয়ে প্রশ্ন তুলে হাকিমি বলেন, ‘এখন কেবল একটি অভিযোগই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। এটা যেমন কোনো নির্দোষ ব্যক্তির প্রতি অন্যায়, তেমনি সত্যিকারের ঘটনার শিকার মানুষটার জন্য।’

তবে সত্যের ওপর আস্থা রাখছেন এই ফুটবলার। তিনি আরও যোগ করেন, ‘আমি শান্তভাবে এই বিচারের অপেক্ষায় আছি। আমি বিশ্বাস করি এর মাধ্যমেই সবার সামনে আসল সত্য উন্মোচিত হবে।’

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে প্যারিসের উপকণ্ঠ নঁতেখের পাবলিক প্রসিকিউটর অফিস এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে এখন বিষয়টি আদালতের কাঠগড়ায় গড়াচ্ছে। তবে ঠিক কবে থেকে এই বিচার কাজ শুরু হবে, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে প্রসিকিউটর অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

আইনি লড়াইয়ের মাঝেই মাঠে ব্যস্ত সময় পার করছেন হাকিমি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বুধবার মোনাকোর মুখোমুখি হবে তাঁর দল পিএসজি। বড় এই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে এই তারকা ডিফেন্ডারকে। প্রথম লেগের লড়াইয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় ফুরফুরে মেজাজেই আছে প্যারিসের ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *