দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জাবি শিক্ষার্থী রাইয়ান ও তার ভাগ্নি নিখোঁজ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তার ভাগ্নি এখনও নিখোঁজ রয়েছেন। তবে এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই বাসে রাইয়ান, তার মা, বোন ও ভাগ্নি অবস্থান করছিলেন।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিভাগ থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রাইয়ানের মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও তার বোনকে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাইয়ান ও তার ভাগ্নির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে যোগাযোগ রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *