দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের উচ্ছ্বাস, ইসরায়েলে হামলা জোরদার

৩ এপ্রিল উত্তর বাগদাদের কাজিমিয়া জেলায় ইরানের যুদ্ধে সংহতি জানিয়ে আয়োজিত এক বিক্ষোভে জনগণ ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পুত্র মোজতবা খামেনির ছবি প্রদর্শন করছেন।

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, একটি বিমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালি এলাকায় ভূপাতিত করা হয়।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। পরে ইরানি সামরিক বাহিনী জানায়, তারা একটি এ-১০ মার্কিন যুদ্ধবিমানকেও লক্ষ্য করে আঘাত করেছে, যা উপসাগর এলাকায় বিধ্বস্ত হয়েছে। 

এ ঘটনায় দুইজন মার্কিন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেওএকজন এখনও নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এ খবরে ইরানের রাজধানী তেহরানে সমর্থকদের উদযাপন করতে দেখা গেছে । ইরানি সামরিক বাহিনী বলছে, এই ঘটনা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াইয়ের সক্ষমতা এখনও অটুট রয়েছে। খবর আল জাজিরার। 

অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ অঞ্চলের একটি শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি কেন্দ্রীয় শহর রোশ হা’আইন ও পেতাহ টিকভায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলও পাল্টা পদক্ষেপ হিসেবে লেবাননের লিটানি নদীর ওপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করছে বলেও জানা গেছে।

উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরও তীব্র করে তুলছে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *