দিনাজপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৫ বাইক উদ্ধার

দিনাজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে চিরিরবন্দর ও নীলফামারী সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়ার সুরত আলীর ছেলে লিমন ইসলাম (২৫) এবং চিরিরবন্দর থানার ফতেজংপুর পাইকারপাড়ার নবীউল ইসলামের ছেলে শাহীনুর ইসলাম (৩২)।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন জানান, ২০২৫ সালের ২২ ডিসেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রথমে নীলফামারী থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিরিরবন্দরে নিজ বাড়ি থেকে শাহীনুর ইসলামকে আটক করা হয়।

অভিযান চলাকালীন শুক্রবার রাতে পার্বতীপুর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সোনাপুকুর গ্রাম থেকে দুটি এবং রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানার কলেজপাড়া এলাকা থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত লিমন স্বীকার করেছেন যে, তিনি তাঁর সহযোগীদের নিয়ে দিনাজপুর আদালত প্রাঙ্গণসহ জেলার বিভিন্ন এলাকা থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করতেন। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *