তেল-বীজে কারচুপির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দৌলতদিয়ার ও ভালাইপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে ভালাইপুর এলাকায় লাইসেন্সবিহীনভাবে অবৈধ সার বিক্রির দায়ে মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স কুদ্দুস বীজ ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়ারে অবস্থিত রহমান অটোমোবাইলে পাঁচ লিটার কিনে তেলে প্রায় ৩০০ মিলি লিটার কম দেওয়ার অভিযোগ হাতেনাতে প্রমাণিত হয়। এছাড়া, পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহে অনীহার অভিযোগও পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এভাবে মোট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের বীজ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার টিমের সদস্যরা।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *