তেল পাম্প ভাঙচুর ও বাসে অগ্নি সংযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা কারাগারে

ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর এবং বাসে অগ্নি সংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অগ্নি সংযোগ ও তেল পাম্প ভাংচুরের ঘটনায় সদর থানার পৃথক দুটি মামলা আজ সোমবার (৯ মার্চ) তাদের আদালতে হাজির করা হলে জামিন না মুঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত নাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও রাসেল হুসাইন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন এনটিভি অনলাইনে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সাত নেতার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে কারো নাম না থাকলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে গ্রেপ্তার করা করা হয়েছে তাদের।

ওসি আরও জানান  দুপুরে তাদের আদালতে হাজির করা হলে জামিন না মুঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রোববার রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে  প্রিজন ভ্যানে উঠার সময় উচ্চস্বরে চিৎকার করে গ্রপ্তার নেতারা অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন ঘটনার সময় সদর থানার ওসির কক্ষে ছিলেন তারা। তারা অপরাজনীতির শিকার হচ্ছেন।

জানা যায়, জেলা আওয়ামী লীগনেতা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সৃজনী ফাউন্ডেশন নামের একটি এনজিওর চেয়ারম্যান হারুন অর রশীদের মালিকানাধীন তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ফারদিন আহম্মেদ নিরব নিহত হন। ৭ মার্চ ওই ঘটনার জের ধরে একই দিন দিনগত গভীর রাতে জেলা শহরে আতংক ছড়িয়ে পড়ে এবং গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *