তেল চুরির অপরাধে তিন জনের কারাদণ্ড, জরিমানা তিন লাখ

নীলফামারীতে তেলের লরি থেকে অবৈধভাবে তেল সরিয়ে নেওয়ার (চুরি) অপরাধে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী সদরের দুহুলিপাড়া এলাকার মো. রিফাত (১৮), দিনাজপুরের পার্বতীপুরের একরামুল ইসলাম (৩০) ও শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)। পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা ওই তেলের লরির ড্রাইভার, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থামিয়ে অবৈধভাবে তেল বের করে বোতলজাত করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে আটক করে। এ সময় তারা লরি থেকে তেল চুরি করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের চেষ্টা করছিলেন।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভুঁইয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি আটক তিনজনের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সদর থানা পুলিশ জানায়, রাত ১১টার দিকে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভুঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *