ঢামেক হাসপাতাল থেকে নিখোঁজ শিশু উদ্ধার

রোগী দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‌্যাব।

আজ রোববার (২২ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ এলাকায় থেকে কাজী ফুজাইলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত এক যুবককেও আটক করা হয়েছে।”

এর আগে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মামার সঙ্গে রোগী দেখতে এসে হাসপাতালের তৃতীয় তলা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছিল পরিবার।

এ বিষয়ে শিশুটির মামা নাজমুল হাসান আরিফ জানান, বিকেলে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থানকালে হঠাৎ করেই তার ভাগনা ফুজাইল নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ শিশুটির বাবা কাজি মাজহারুল ইসলাম জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছিল।

শিশুটির মামা আরও বলেন, রাত ৯টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ফোনে বলা হয়, শিশুটি তাদের হেফাজতে আছে এবং তাকে ফিরে পেতে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যোগাযোগ করতে হবে। শিশুটির বাড়ি রাজধানীর দক্ষিণখান থানার কাওলা নামাপাড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *